রাজধানীর শাহবাগের শিশুপার্ক এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার পরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- মো. কবির হোসেন সরকার (৩৮) ও মো. সালমান ভূইয়া ওরফে জসিম (৩৫)। আহত ছিনতাইকারীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ শিখা চিরন্তন এর সামনে রাস্তার ওপর বেরিকেড দিয়ে মোটর সাইকেলটি থামানোর চেষ্টা করে।
মোটরসাইকেলের দুই আরোহী একজনের হাতে পিস্তল ও আরেকজনের হাতে চাপাতি নিয়ে পুলিশকে আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে তাদের নামে ইস্যুকৃত সরকারি পিস্তল থেকে ৬ রাউন্ড গুলি করে। ফায়ার করা গুলি ছিনতাইকারীদের পায়ে লাগে। ছিনতাইকারী দুইজন আহত হয়ে রাস্তায় পড়ে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ গ্রেফতারকৃত কবির হোসেনের কাছ থেকে ১২ ইঞ্চি লম্বা ছুরি ও ১টি স্মিফনি মোবাইল উদ্ধার করে। আর সালমানের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি কালো রংয়ের খেলনা পিস্তল। একইসঙ্গে ইয়ামাহা এফজেডএস- লাল রংয়ের ১৫০ সিসিরি মোটরবাইকটি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
