এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) বোতল জাত প্লান্টকে কেন লাল শ্রেণিভুক্ত থেকে সবুজ শ্রেণিভুক্ত করা হলো তার ব্যাখ্যা চেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এমপি।
সংসদীয় কমিটিকে জানিয়ে তিনি বলেছেন, সংসদীয় কমিটির বৈঠকে আমাদের কাছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে সেটি গ্রহণযোগ্য হয়নি। যে কারণে পরবর্তী বৈঠকে এই ব্যাপারে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করার জন্য বলা হয়েছে। কেন এলপিজি বোতল জাত প্লান্টকে লাল শ্রেণিভুক্ত থেকে সবুজ শ্রেণিভুক্ত করা হলো তার ব্যাপারে আমরা মতামত চেয়েছি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৪৫তম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
সিলেটে যত্রতত্র পাথর উত্তোলন নিয়ন্ত্রণে ক্রাশিং জোন স্থাপনে শিল্প মন্ত্রণালয়ে একটি সিদ্ধান্ত আছে জানিয়ে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে আমরা বলেছি প্রকৃতি ও পরিবেশের উপর যেন ক্ষতি না হয় এবং টুরিস্টদের উপর যেন বিরূপ প্রভাব না পড়ে সেজন্য জাফলং এর দূরবর্তী একটি জায়গায় ক্রাশিং জোন স্থাপন করা যেতে পারে।
হাজারিবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরিত হওয়ায় পরিবেশের উপর বিরূপ প্রভাবসহ ধলেশ্বরী নদী দূষণে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে ব্যাখ্যা চেয়েছে জানিয়ে তিনি বলেন, এতে পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছে সেখানে একটি চায়না কোম্পানির মাধ্যমে সিটিপি স্থাপন করা হয়েছে সেটি তারা দক্ষতার সাথে পরিচালনা করছে না। এমনকি মেশিনপত্রগুলো বসানোর পর তা ঠিক আছে কিনা সেটিও দেখা হয়নি। আমরা সংসদীয় কমিটির পক্ষ থেকে যারা অদক্ষ ভাবে সিটিপি পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নবী নেওয়াজ, ওয়ার্কার্স পার্টির ইয়াছিন অালি, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী।
ইত্তেফাক/এমআই
