দেশে ফিরে আসছেন সাকিব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪
পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হলো না সাকিব আল হাসানের। আঙুলের ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। ইতিমধ্যে আঙুলের চোট বেড়ে যাওয়ায় আজই  তাকে দেশে ফিরে আসতে হচ্ছে।
 
বুধবার বিকেলে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এই অলরাউন্ডার। দেশে ফেরার পর সিদ্ধান্ত হবে অস্ত্রোপচারের ব্যাপারে। সিদ্ধান্ত হলে যাবেন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায়।
 
সাকিবের দেশে রওনা হওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। তিনি বলেন, বিকেল ৪টার ফ্লাইটে সাকিব দেশে রওনা হয়ে গেছেন।
 
সাকিবের আঙুলে অস্ত্রোপচার প্রয়োজন ছিল আগেই থেকেই। কিন্তু এশিয়া কাপে দলের প্রয়োজনের কথা ভেবে ব্যথানাশক নিয়ে খেলানো হচ্ছিল তাকে। 
 
গত রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর আঙুলের অবস্থা খারাপ হয়ে যায় সাকিবের। তারপরও টিম ম্যানেজমেন্টের মতো সাকিব আশা করেছিলেন, ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে পারবেন। কিন্তু ফুলে থাকা আঙুল দেখে তা আর হয়ে উঠেনি।
 
ইত্তেফাক/জেডএইচ