২৪০ রানের টার্গেট দিল বাংলাদেশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৭
মুশফিকুর রহিম এবং মিঠুনের ব্যাটিংয়ের উপর ভর করে ২৩৯ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এখন এশিয়া কাপের ট্রফি জয়ের মঞ্চে যাওয়ার টিকিট পেতে পাকিস্তানকে করতে হবে ২৪০ রান।
 
বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাঠে নেমে দলীয় মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শূন্য রানে ফিরে যান সৌম্য। আর মুমিনুল ৫ রানে সাজঘরের পথ ধরেন। এই আসা যাওয়ার তালিকায় নাম লেখান লিটন দাস। তিনি ৬ রান করেন।  
 
পঞ্চম ওভারের লিটন দাস ফিরে যাওয়ার পরে জুটি বাঁধেন মিঠুন ও মুশফিক। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৩৯ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ৪৮ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ এই রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেন মুশফিক। মিঠুন করেন ৬০ রান।  
 
অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে মুমিনুল হক সৌরভকে। সাকিব ইতিমধ্যে দেশের পথে রওনা হয়েছেন।
 
ইত্তেফাক/জেডএইচ