বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়াই নিয়োগ দাবি!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৫
পরীক্ষা ছাড়াই মেডিক্যাল অফিসার পদে নিয়োগের দাবি সরকার সমর্থক ছাত্র সংগঠন ও স্বাচিপ সমর্থিত প্রার্থীদের। এমন দাবি পূরণে সম্মত নয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন তারা। আর এতেই ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ ও স্বাচিপ সমর্থক প্রার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে চাকরি প্রার্থী এমন কয়েকশ চিকিত্সক সেখানে অবস্থান নেন। রাতে এ রিপোর্ট লেখার সময়ও তারা সেখানে অবস্থান করছিলেন। এ অবস্থায় সেখানে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. শাহানা আক্তার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর হোসেন তাদের কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েছেন। 
 
সূত্র জানায়, ২শ মেডিক্যাল অফিসার পদের বিপরীতে প্রায় ৮ হাজার আবেদন জমা হয়। আগামী শুক্রবার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ছাত্রলীগ ও স্বাচিপ সমর্থকদের এমন দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
 
সিনিয়র চিকিত্সকদের অভিযোগ, পরীক্ষা ছাড়া মেডিক্যাল অফিসার নিয়োগ দিলে সেখানে চিকিত্সা ব্যবস্থা ভেঙে পড়বে। একজন সিনিয়র চিকিত্সক বলেন, ভিসি অফিসে প্রো-ভিসি প্রশাসন ও শিক্ষাসহ প্রায় ২শ কর্মকর্তা ও কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েছেন। শাহবাগ থানা পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছেন। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন। অভিযোগ রয়েছে, চাকরি প্রার্থী ডাক্তারদের আন্দোলনের কারণে পুরো মেডিক্যাল ভার্সিটি প্রশাসনে অচলাবস্থা বিরাজ করছে।
 
সূত্র মতে, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বহিঃবিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে ১০ হাজার রোগী, তাদের স্বজন ও এবং ভর্তি হওয়া কয়েকশ রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে অবস্থান করেন। চাকরি প্রার্থীদের আন্দোলনের কারণে গতকাল দিনভর চিকিত্সা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
 
ইত্তেফাক/আরকেজি