উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেফতার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৪
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার রাতে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশের দাবি- তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, তার ছেলে ইয়াবার সঙ্গে জড়িত নয়। রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল তার ছেলেকে ফাঁসিয়েছে। 
 
জামাল মোস্তফা কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি এবং উত্তরের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার স্ত্রী রোকেয়া জামাল মহানগর (উত্তর) মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
 
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকের একটি দোকানের সামনে থেকে প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেল, রুবেলের সহযোগী আওলাদ ও তানজিলা আক্তার সীমাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা পাওয়া যায়। এরমধ্যে রুবেলের কাছে ছিল ৬৫ পিস ইয়াবা। তাদের রাতেই থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি। আদালত রিমান্ড না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
জামাল মোস্তফা বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি মিরপুর এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী। এ কারণে তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল তার ছেলেকে ফাঁসিয়েছে। দু’বছর ধরে ওই মহল তাকে হয়রানি করছে বলে দাবি করেন তিনি। 
 
ওই মহল কারা জানতে চাইলে তিনি কারো নাম প্রকাশ করতে রাজী হননি। তিনি বলেন, এটা মিরপুর এলাকায় তদন্ত করলেই জানতে পারবেন।
 
তার ছেলের সঙ্গে গ্রেফতার হওয়া তানজিলা আক্তার সীমার বিষয়ে তিনি বলেন, বেশ কিছু দিন আগে তিনি সীমাকে মাদকসহ পুলিশে দিয়েছিলেন। তখন সে বলেছিল এর প্রতিশোধ নেবে। বুধবার রাতে রুবেলের বন্ধু আওলাদ মোবাইল ফোনে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপরই পুলিশ গ্রেফতার করে। এটি রুবেলকে গ্রেফতারের কৌশল বলে অভিযোগ করেন জামাল মোস্তফা। 
 
ইত্তেফাক/জেডএইচ