‘বাংলাদেশের জন্য একটা ট্রফি দরকার’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১০
টুর্নামেন্টটা শুরুই হয়েছিল এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ভারতের প্রতি নগ্ন পক্ষপাতিত্বের দৃষ্টান্ত দিয়ে। আয়োজকদের ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্নও চুরমার করে দিয়েছে বাংলাদেশ। এসিসির হতাশাপীড়িত ছবিটা কল্পনার দরকার হয়নি। বরং টুর্নামেন্ট শেষের আগের দিন তাদের কর্মকাণ্ডেই প্রতিফলিত হচ্ছে সবকিছু।
 
আজ টুর্নামেন্টের ফাইনাল। অথচ গতকাল ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের কোনো ফটোসেশন হয়নি। দুই দলের সংবাদ সম্মেলনও হলো ভিন্ন ভিন্ন জায়গায়। ফাইনাল নিয়ে এসিসির আগ্রহে ভাটির টান স্পষ্ট।
 
অবশ্য সেসবে চোখ দেয়ার সময় নেই বাংলাদেশের। সংগ্রামের বৈতরণী চেপে ফাইনালে উঠে আসা মাশরাফি বিন মুর্তজার দল চাইছে আরেকটা স্বপ্নীল রাত। পাকিস্তানের বিপক্ষে অদম্য জয়ে উজ্জীবিত টাইগাররা। সাকিব-তামিমের মতো গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার না থাকলেও আজ ভারতের বিরুদ্ধে ফাইনাল জয়ে আশাবাদী বাংলাদেশ।
 
গতকাল বিকেলে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে মাশরাফি বলেছেন, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শক্তিশালী ভারতের বিরুদ্ধে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়বে বাংলাদেশ। তার মতে, বাংলাদেশের জন্য একটি ট্রফি জেতা এখন গুরুত্বপূর্ণ।
 
ক্যারিয়ারে হয়তো মাশরাফির এটাই শেষ এশিয়া কাপ! নিজের জন্য ট্রফিটা জেতা দরকার কিনা প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ট্রফি দিয়ে নিজেকে বিচার করেন না তিনি। তবে বাংলাদেশের জন্য একটা ট্রফি খুব গুরুত্বপূর্ণ।
 
গতকাল সংবাদ সম্মেলনে নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘একটা ট্রফি দিয়ে আমি আমার নিজেকে বিচার করি না। ক্রিকেট একটা ট্রফির জন্য খেলিনি। বাংলাদেশের জন্য একটা ট্রফি দরকার। আমার বিশ্বাস হয়তবা কোনো একদিন ইনশাল্লাহ বাংলাদেশ পারবে। এইজন্য বললাম কারণ তরুণ প্রজন্ম যারা ক্রিকেটের দিকে আসছে। যারা এখন দলে আছে, যারা অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ খেলছে তারা হয়ত আরো প্রেরণা পাবে। এইক্ষেত্রে হয়ত বলতে পারেন বাংলাদেশের একটা ট্রফি দরকার। সেটা এখনি বা কাল না হলে সমস্যা সেটা না। ব্যক্তি মাশরাফিকে ট্রফি দিয়ে বিচার করবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু আমি নিজেকে এতো সস্তা ভাবি না।’  
 
সাকিব-তামিমকে ছাড়া ভারতকে হারানোর রাস্তা কি কি হতে পারে? মাশরাফি বলেছেন, ‘মাঠের ভেতর ক্লু বের হতে হয়। ভালো স্পেল, একটা ভালো ইনিংস হতে পারে। এছাড়া আর কোনো সহজ অপশনস নেই। এটার জন্য দরকার মানসিকভাবে শক্ত থাকা। শতভাগ ফিট থাকা। শারীরিকভাবে রিকভারের চিন্তা করে আর লাভ নেই। কালকে খেলেছি, কালকে আবার ফাইনাল। এখন প্রয়োজন মানসিকভাবে ফিট থাকা। সেটাই চেষ্টা করছি আমরা।’
 
চোট জর্জর দল, টানা খেলার ধাক্কা নিয়ে এগিয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। অতীতের ফাইনালগুলোর তুলনায় আজকের ফাইনালে আসার রাস্তাটাও সহজ ছিল না। মাশরাফি বলছেন, তামিমের ভাঙা আঙ্গুল নিয়ে খেলতে নামাই তার কাছে ট্রফি জয়ের সমান।
 
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘প্রত্যেকটা ম্যাচেরই আলাদা একটা গুরুত্ব থাকে। ত্রিদেশিয় সিরিজে, ২০১২ সালে, ২০১৬ সালে যে ফাইনাল খেলেছি, সবসময় একটা অবস্থা পার হয়ে এসেছি। এখানে আরো কঠিন অবস্থা ছিল। একের পর এক খেলোয়াড় হারাচ্ছি। মুশফিক খেলবে কিনা চিন্তা ছিল। ওভাবে ও খেলছে, পারফর্ম করছে। ওদেরকে দেখে অনেক কিছু শেখার আছে। আমার কাছে আসলে সত্যিকার অর্থে, তামিম যখন ভাঙা আঙ্গুল নিয়ে নামে তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ওটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
 
ইত্তেফাক/নূহু