লন্ডনে গেলেন তামিম ইকবাল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০
 
এশিয়া কাপে তামিম ইকবাল খেলতে পেরেছেন ৪টি মাত্র বল; করেছেন ২ রান। তাতেই বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছেন। ভাঙা হাত নিয়েও আবার ব্যাটিং করতে নেমে এক প্রান্ত আগলে রেখেছেন, ব্যথাকে জয় করে আবার ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছেন। এবার সেই ভাঙা হাতের চিকিৎসা করাতে লন্ডন গেলেন তামিম।
 
গতকাল সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। আজই সাউদাম্পটনে এক চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা তার। সেই চিকিৎসকের পরামর্শের পরই বোঝা যাবে, তামিমের হাতে অস্ত্রোপচার লাগবে কি না।
 
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সুরঙ্গ লাকমলের বলে কবজি ভেঙে যায় তামিমের। এমনিতে এই ইনজুরিতে কমপক্ষে চার সপ্তাহ বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। সে ক্ষেত্রে তামিম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ মিস করবেন কি না, তা ইংল্যান্ডে চিকিৎসকের পরামর্শ পেলে জানা যাবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ