আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের যে কোন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ।
আগামী অক্টোবরে বিএনপি মাঠ দখলের রঙ্গিন স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিএনপির পাল্টা কোন কর্মসূচি দেব না। তবে যারা দেশের শান্তি বিনষ্ট ও জনগণের জানমালের নিরাপত্তা জিম্মি করে মাঠ দখল করবে জনগণ তাদের অচল করে দেবে।’ নেতিবাচক কর্মকাণ্ডের জন্য বিএনপির রাজনীতি মরাগাঙ্গের রূপ নিয়েছে। কিন্তু মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে দুঃস্থদের মধ্যে রিকশা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মুহুর্তে দেশের মানুষ নির্বাচনমুখী। তারা আন্দোলনমুখী কোন মানসিকতায় নেই। নির্বাচনকে সামনে রেখে সবাই ভোটের প্রস্তুতি নিচ্ছে। দেশে আন্দোলনের পরিস্থিতি বিদ্যমান না থাকলে আন্দোলন হয় না। জনগণের মধ্যে কোন অসন্তোষ নেই। শুধু ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে অসন্তোষ রয়েছে। তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। বিএনপিকে ক্ষমতার ক্ষুধা উন্মাদ করে ফেলেছে। তাই তারা পাগলের প্রলাপ বকছে। অক্টোবরে তারা মাঠ দখলের রঙ্গিন স্বপ্ন দেখছে। তাদের এ ধরনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে।
তিনি বলেন, আমরা অক্টোবর মাসে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং উন্নয়ন ও অর্জনের পক্ষে ক্যাম্পেইন করব, জনগণের কাছে ভোট চাবো। বিএনপির কোন পাল্টা কর্মসূচি আমরা দেব না, আমরা জনসংযোগ কর্মসূচি পরিচালনা করব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত করার শপথ নেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দেশকে বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তারাও বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন। বাসস
ইত্তেফাক/ইউবি
