চাকরি ক্ষেত্রে জটিলতা ও উত্তরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৯
চাকরিতে প্রবেশের পর সংকটকালে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদানে বেসরকারি প্রতিষ্ঠান শার্পনারের যাত্রা শুরু হলো। গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির উইং সেন্টারে ‘ক্যারিয়ার ক্রাইসিস অ্যান্ড এডভান্সমেন্ট’ বিষয়ের ওপর উপস্থাপনার ভিতর দিয়ে এই পথ চলা শার্পনারের।
 
এ সময় শার্পনারের প্রতিষ্ঠাতা নির্বাহী ম্যানেজমেন্ট কনসালটেন্ট নজর-ই–জিলানী তার দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং উপস্থিত তরুণ পেশাজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  
 
অনুষ্ঠানে সাকমিড এর ডেপুটি ডাইরেক্টর বলেন, চাকরিতে প্রবেশের পর থেকে নানা পর্যায়ের কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে আশা-নিরাশার অস্থিরতা দেখা যায়। তারা নানা সংকটে পড়ে হতাশ হন। আত্মবিশ্বাস হারিয়ে উদ্ভ্রান্তের মতো কখনো চাকরি পরিবর্তন করেন, কখনো বিদেশ যাত্রা করেন, কখনো বা ব্যবসার উদ্যোগসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করে দিশেহারা হন। নতুন জ্ঞান, দক্ষতা অর্জন না করার ফলে উৎপাদনশীলতা কমে আসছে। পদোন্নতি আর অর্থনৈতিক উন্নতি না হওয়ায় হতাশা আরও তীব্র রূপ ধারণ করছে। 
 
তিনি আরও বলেন, চাকরি করে আবার ছেড়ে দেওয়া এমন বেকারের সংখ্যা বর্তমানে ২৭ লক্ষ। প্রতি বৎসর যোগ হয় আরও ২২ লক্ষ। একদিকে মালিক ভালো প্রার্থী পান না, অন্যদিকে চাকরিপ্রার্থীরা একটা চাকরি পান না। এ বৈষম্য মূলত প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রম আর বাজারের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার মধ্যে অমিলের কারণে হচ্ছে। 
 
সর্বোপরি নতুন কর্মচারী-কর্মকর্তাদের যেভাবে কাজ শিখিয়ে সম্পদে পরিণত করা দরকার অনেক ক্ষেত্রে সেই নেতৃত্বের অভাবে তা আর হয়ে ওঠে না। এই বিরাজমান সংকটকে প্রাধান্য দিয়ে উত্তরণের প্রয়াসে শার্পনার-এর আত্মপ্রকাশ। প্রেসবিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/এমআই