জাতীয় ঐক্যের সঙ্গে পরোক্ষভাবে জড়িত জামায়াত: নৌমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৬
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যাদের রাজনৈতিক ইতিহাসই হলো সন্ত্রাস করা, তারা সন্ত্রাস করবেই। বিএনপি বিভিন্ন সমাবেশে সন্ত্রাস ও ষড়যন্ত্র করেছে। যেদিন বঙ্গন্ধুর খুনিদের ফাঁসির আদেশ হলো, তার আগের দিন তারা (বিএনপি) সমাবেশ করেছিল। নিজেরা বোমা ফাটিয়ে শেখ হাসিনা সরকারের উপর এর-দায় চাপানোরও চেষ্টা করেছিল। আমরা লক্ষ করলাম জামায়াত ইসলাম জাতীয় ঐক্যের সঙ্গে প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে জড়িত রয়েছে। তার অর্থ হলো তারা পরোক্ষ ভাবে সন্ত্রাস করতে পারে।
 
আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে জাতীয় ঐক্যের নেতারা মৌসুমী পাখির মতো ক্ষণে ক্ষণে উদিত হয়। এটা একটি খারাপ লক্ষণ। কারণ আগামীতে জাতীয় নির্বাচন, এই সময়ে তারা যে কাজটি করতে চাচ্ছেন, তাতে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না।’
 
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব মিয়ার সভাপতিত্বে ও রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্যা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
 
উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জাতীয় মহিলা সংস্থার মাদারীপুর জেলা শাখার সভানেত্রী ফরিদা হাসান পল্লী, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তিরঞ্জন দাস, রাজৈর উপজেলা মহিলা বাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, রাজৈর উপজেলা পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সি, রাজৈর থানা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন।
 
ইত্তেফাক/আরকেজি