কুষ্টিয়ার পোড়াদহ স্কুলের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন উড়িয়ে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
 
শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাক্তন থেকে বের হয়ে পোড়াদহ বাজারের প্রধান সড়কটি প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।
 
পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মজনুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশীদ, ডিএমপির ডিসি ট্রাফিক ড. এএইচএম কামরুজ্জামান, ডিএমপির ডিসি-(ডেভেলপমেন্ট) এএসএম মুক্তারুজ্জামান, বিশিষ্ট চাউল ব্যবসায়ী আলহাজ আব্দুস সামাদ, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান জন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আসলাম আলী, সহকারী প্রধান কামরুন নাহার প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
 
ইত্তেফাক/আরকেজি