ছেলে সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ। শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা। আর এই খবরটি ভক্ত-অনুরাগীদের নিশ্চিত করেন তাসকিন আহমেদ নিজেই।
তাসকিন তার ফেসবুক পেজে 'আলহামদুলিল্লাহ, মাই বয়' লিখে পোস্টটি দিয়েছেন। কমেন্টে বিয়ে ও সন্তানের বাবা হওয়া নিয়ে স্মৃতিচারণ করেন তাসকিন। তিনি বলেন, ‘আমার বিয়ে হইসে ১১ মাস, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এসেই বিয়ে করলাম ৩১ অক্টোবর এবং বিয়ের বয়স হলো ১১ মাস, দক্ষিণ আফ্রিকা ছিলাম ৪৮ দিন, সব মিলিয়ে হলো ১২ মাস ১৮ দিন। আমার পুত্র সন্তান হইলো ৯ মাস ২৭ দিনে।’
বাবা হওয়ায় তাসকিন অভিনন্দনের বন্যায় ভাসান ভক্তরা। অভিনন্দন জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও।
২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গেই ঘর বাঁধেন তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার।
ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তাসকিন আহমেদ। তবে গত সপ্তাহে আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন। ৩০ হাজার ডলারের বিনিময়ে তাকে কিনে নিয়েছে কান্দাহার নাইটস। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহেই ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়বেন এই পেসার।
ইত্তেফাক/নূহু
