‘জঙ্গি-দুর্নীতিবাজ-নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলব’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৪
সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ ও নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলব- এমন কথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
 
রবিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, ওদের এই ঐক্য হচ্ছে সন্ত্রাসীগোষ্ঠী, জঙ্গিগোষ্ঠী, যুদ্ধাপরাধীগোষ্ঠী, বাংলাদেশকে পরপর পাঁচবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল এবং গ্রেনেড হামলাকারী, নীতি ও আদর্শহীন নেতাদের ঐক্য। আমরা এদের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলব।
 
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ও বিএনপির বর্তমান নেতৃত্ব চায় না বেগম জিয়া মুক্তি পাক। তারা (বিএনপি) চায় বেগম খালেদা জিয়া জেলেই থাক এবং তারেক রহমান বিদেশেই থাক। তাই তারা (বিএনপির বর্তমান নেতৃত্ব) সু-চতুরভাবে বিএনপির কর্মী-সমর্থকদের ধোকা দিয়ে খালেদা-তারেককে মাইনাস করছে এবং তারা ড. কামাল হোসেন ও বদরুদ্দুজা চৌধুরীর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যে স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।
 
সোহরাওয়ার্দী উদ্দ্যানে বিএনপির জনসভা প্রসঙ্গে তিনি বলেন, এই জনসভা থেকে যদি কোন হঠকারী সিদ্ধান্ত আসে এর বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গিবাদ যারা লালন-পালন করে এই বিএনপি জামায়াত এবং তাদের দোসরদের বিরুদ্ধে অামরা জনতার ঐক্য গড়ে তুলবো। আর যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয় তাহলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।
 
আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ২০১৩, ১৪, ১৫ সালের মতো জনগণের পাশে থেকে সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী, গ্রেনেড হামলাকারী, নীতি ও আদর্শহীন নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোবারক অালী সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, চিত্রনায়িকা নতুন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
 
ইত্তেফাক/এমআই