শিগগিরই পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স(আইএসআই) এর নতুন প্রধান নিয়োগ দেবেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এই মাসেই সংস্থাটির বর্তমান মহাপরিচালক ল্যাফটেনান্ট জেনারেল নাভিদ মুখতারের অবসরে যাওয়ার কথা রয়েছে।
স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল ১ অক্টোবর আইএসআই মহাপরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করবেন মুখতার। তবে সে খবর সত্য নয় বলে জানিয়েছে সামরিক সূত্র।
সামরিক সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বর্তমান মহাপরিচালক আরো কিছুদিন তার পদে আসীন থাকবেন। তবে সূত্র এটা নিশ্চিত করেছে যে, এই মাসের মধ্যেই কোন একদিন বিদায় নেবেন তিনি।
মুখতারের অবসরের পর প্রধানমন্ত্রী নতুন আইএসআই মহাপরিচালক নিয়োগ দেবেন। তিনি কে হতে পারেন সে বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্প্রতি সামরিক বাহিনীর মেজর জেনারেল থেকে ল্যাফটেনান্ট জেনারেলের পদে উন্নীত হয়েছেন এমন কাউকেই নিয়োগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিক দিয়ে বিবেচনা করলে, সম্প্রতি ল্যাফটেনান্ট জেনারেল পদে উন্নীত হয়েছেন মেজর জেনারেল শাহিন মাজহার, মেজর জেনারেল নাদিম জাকি মাঞ্জ, মেজর জেনারেল আব্দুল আজিজ, মেজর জেনারেল আসিম মুনির, মেজর জেনারেল আদনান ও মেজর জেনারেল ওয়াসিম আশরাফ।
পাকিস্তানে সেনাপ্রধানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ধরা হয় আইএসআই প্রধানকে। প্রচলিত রীতি অনুসারে, পূর্বে গোয়েন্দা সংস্থায় কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে এমন কোন তিন-তারকা জেনারেলকেই এই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রচলিত ধারা অনুসরণ করলে নতুন আইএসআই প্রধান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই তিনজনের- ল্যাফটেনান্ট জেনারেল নাদিম জাকি মাঞ্জ, ল্যাফটেনান্ট জেনারেল আসিম মুনির ও ল্যাফটেনান্ট জেনারেল ওয়াসিম আশরাফ।
জেনারেল মাঞ্জ ও জেনারেল মুনির, উভয়েরই সামরিক গোয়েন্দার মহাপরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে জেনারেল আশরাফের রয়েছে সরাসরি আইএসআই’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
সামরিক সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের সুপারিশের ওপর ভিত্তি করেই নতুন আইএসআই প্রধান নির্বাচিত করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে ইমরান খানের প্রথম কোন গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক সংস্থার প্রধান নিয়োগের ঘটনা।
নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আইএসআই’র সদরদপ্তর পরিদর্শন করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে সংস্থাটির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। -দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ইত্তেফাক/ জেআর
