সিরাজগঞ্জের সয়দাবাদে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ভুট্টা বোঝাই ট্রাক রংপুর ট-১১০৪০৮ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড়ে রবিবার দুপুর থেকে দাঁড়িয়ে ছিল। সোমবার বেলা ১২টার দিকে তা থেকে পঁচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে চালকের পিছনের কেবিন থেকে ড্রাইভার আল-আমিন (৪০) ও হেলপার সোহেলের (৩০) লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা অনুসন্ধান ও পোস্ট মর্টেম করার পর বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/নূহু
