হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৮:১৫
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। গত ৭ দিন ধরে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে পাথর রপ্তানি না করার জেরে বন্দরের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন। ফলে সোমবার সকাল ১১টা থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
 
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্বপ্নের ‘পদ্মাসেতু’ প্রকল্পসহ দেশের মেগা প্রকল্পের জন্য ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে গত ২৩ সেপ্টেম্বর ভারতের হিলির স্থানীয় ব্যবসায়ীরা তাদের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই বন্দর দিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ করে দেন। ফলে পাথর আমদানি করতে না পারায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
 
তিনি আরও জানান, ‘আমরা রোববার ভারতীয় ব্যবসায়ীদের জানিয়েছি, আজ সোমবার থেকে বাংলাদেশে পাথর রপ্তানি শুরু করা না হলে এদিন থেকেই সব ধরণের পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছি। একারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।’
 
এদিকে ভারতের বালুরঘাটের প্রসিদ্ধ ব্যবসায়ী অর্ণব এক্সিম প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুনন্দা সেনগুপ্ত জানান, পাথর রপ্তানিতে সৃষ্ট জটিলতা নিরসনে আজ সোমবার দুপুরে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে মিটিং বসেছে। এই মিটিং শেষে তাদের সিদ্ধান্তের কথা জানা যাবে।
 
ইত্তেফাক/বিএএফ