জেএমবির নারী সদস্যসহ ৩ জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির এক নারীসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল, ১টি চাকু ও বিপুল পরিমান জঙ্গিবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল জেলার কাউনিয়া এলাকার রেজাউল করিম (২৮), বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ (২৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শাহনাজ আক্তার সাদিকা (২৫)। এদের মধ্যে রেজাউল করিম ও পলাশকে মাদানীনগর এবং সাদিকাকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলকায় অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার রাসেল আহম্মেদ কবীর সাংবাদিকদের এসব তথ্য জানান।  
 
র‌্যাব জানায়, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর ও ডেমরা থানার পশ্চিম হাজীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা নাশকতামূলক কার্যক্রম চালাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপন বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তারকৃত রেজাউলের কাছ থেকে ২টি গুলিসহ একটি বিদেশী পিস্তল, পলাশের কাছ থেকে একটি  চাকু এবং শাহনাজসহ সকলের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। 
 
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে জানা গেছে, সাদিকা জেএমবির নারী শাখার ঢাকা দক্ষিণ অঞ্চলের সমন্বয়কারী, রেজাউল করিম সামরিক শাখার সদস্য ও জহিরুল ইসলাম সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 
 
উল্লেখ্য, ২০১৭ সালে জঙ্গি ও সন্ত্রাস দমনে র‌্যাব-১১ বিশেষ অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় নিয়মিত এই বাহিনীর জঙ্গিবিরোধী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। র‌্যব-১১ জঙ্গিবিরোধী সবচেয়ে বড় অভিযানটি ২০১৭ সালের ৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিচালিত হয়। ওই অভিযানে ৫ জঙ্গি এবং কুমিল্লার গৌরিপুর থেকে আরো ৩ জঙ্গি আটক হয়।
 
র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাদের হাতে ধরা পড়েছে ৯৯ জন জঙ্গি। তাদের এই জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হবে। 
 
ইত্তেফাক/নূহু