ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউসিবি) কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছেন এভিন লুইস। সোমবার ডব্লিউসিবি চুক্তিভূক্ত পুরুষ ও নারী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নেই এই ব্যাটসম্যানের নাম।
চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লুইসের। এর মধ্যেই নিজেকে অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দামি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধও হয়েছেন।
বাঁহাতি এই ব্যাটসম্যানের টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১৫৭ এর উপরে। দুর্দান্ত চমক লাগিয়ে ক্যারিয়ার শুরু করা এই ক্যারিবীয় ব্যাটসম্যান এক বছরেরও কম সময়ের মধ্যে বোর্ডের সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানালেন।
অতীতে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারিনরাও একই কাজ করেছিলেন। এখন লুইসও সেই পথেই হাঁটলেন। ধারণা করা হচ্ছে সিনিয়রদের মতোই বিশ্বব্যাপী লাভজনক টি-টোয়েন্টি খেলতেই কেন্দ্রীয় চুক্তিভূক্ত হতে ক্যারিবীয় ক্রিকেটারদের এতো অনীহা।
সব ফরম্যাটে চুক্তিবদ্ধ: জ্যাসন হোল্ডার, আলজারি জোসেফ, শাই হোপ ও কেমার রোচ।
লাল বলে চুক্তিবদ্ধ: দেবেন্দ্র বিষু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডোওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ের ও কাইরন পাওয়েল।
সাদা বলে চুক্তিবদ্ধ: কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স ও রোভম্যান পাওয়েল।
ইত্তেফাক/কেআই
