শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলাকারীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত ও ধনী পরিবারের বলে জানিয়েছেন লঙ্কান উপ-প্রতিরক্ষামন্ত্রী। এ পর্যন্ত ৯ হামলাকারীকে চিহ্নিত করেছে দেশটি। দায় স্বীকারের পর তাদের ছবি প্রকাশ করেছে আইএস-ও। বিবিসি।
প্রতিরক্ষা উপমন্ত্রী রুয়ান উইযেওয়াদেনে বুধবার বলেন, ‘বেশিরভাগ হামলাকারীই উচ্চশিক্ষিত। তারা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তারা এবং তাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল।’
তিনি জানান, আত্মঘাতি হামলাকারীদের একজন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়েছিলো। সেখান থেকে ফিরে এসে শ্রীলঙ্কায় বসবাস করা শুরু করে সে।
মঙ্গলবার হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবি প্রকাশ করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এর মুখপাত্র ‘আমাক নিউজ এজেন্সি’। হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।
এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা এখনও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দায় স্বীকার করে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স।
এর আগে, শ্রীলংকান সরকার হামলার জন্য উগ্র ইসলামপন্থী সংগঠন তৌহিদ জামাত ও আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ককে দায়ী করছিলো। এ সংগঠনটিও দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা: মাস্টারমাইন্ডসহ আটজনের ছবি প্রকাশ
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় হামলা হয়েছে।
ইত্তেফাক/টিএস
