তারা ভূতের সরকার বানানোর চক্রান্ত করছে: নানক

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২০:১৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ড. কামাল, বি-চৌধুরী ও ফখরুলরা ভূতের সরকার বানানোর চক্রান্ত করছে।
 
তিনি বলেন, সারাদেশে সুষ্ঠু নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। ডা. কামাল-বি.চৌধুরীরা বারবার নির্বাচনে পরাজিত। তারা ফখরুল সাহেবদের নিয়ে অনৈতিক, মতলববাজি ও চক্রান্তমূলক দাবি দাওয়া দিয়ে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়। তারা চক্রান্তকারী বেঈমান হিসেবে ইতিহাসের আস্তাকূঁড়ে নিক্ষিপ্ত হবে।
 
আজ মঙ্গলবার মোহাম্মদপুর থানার শিয়া মসজিদ, বাঁশবাড়ি, রায়ের বাজারসহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে নানক প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
এ সময় কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, ফরিদুন্নাহার লাইলী, আব্দুস ছাত্তার, ডা. রোকেয়া সুলতানা ও ইকবাল হোসেন অপু উপস্থিত ছিলেন। পরে তিনি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর থানার ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে