মুশফিককে ছেড়ে দিল রাজশাহী

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২০:৪৪
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ষষ্ঠ আসর। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রিটেইন তালিকা (আগের আসর থেকে ধরে রাখা ক্রিকেটার) জমা দিতে বলেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যে দলগুলোও জমা দিয়েছে তাদের রিটেইন তালিকা।
 
যেখানে আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে রংপুর রাইডার্স, সাকিব আল হাসানকে ঢাকা ডায়নামাইটসকে, তামিম ইকবালকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদউল্লাহ রিয়াদকে খুলনা টাইটান্স, মুস্তাফিজুর রহমানকে রাজশাহী কিংস ধরে রেখেছে। মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়েছে রাজশাহী। এক দলে দুজন আইকন থাকতে পারবেন না। আইকন একজন রাখার চিন্তায় গিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকের চেয়ে ফাস্ট বোলার মুস্তাফিজের দিকেই ঝুঁকেছে রাজশাহী।
 
এদিকে বিপিএলের আইকন তালিকা থেকে বাদ পড়ছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে শিরোনাম হওয়া সাব্বির ও ফর্মহীনতায় সৌম্য বাদ পড়লেন। তবে আইকন হিসেবে নতুন করে যুক্ত হচ্ছেন লিটন দাস। সম্প্রতি এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে ওপেনিং করছেন। এখন মুশফিক, লিটনের ঠিকানা হবে সিলেট সিক্সার্স বা চিটাগং ভাইকিংস। 
 
ইত্তেফাক/জেডএইচ