টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেন আশা করছেন একদিন তিনি মেসির গোলের রেকর্ড ভাঙতে সক্ষম হবেন। ২৫ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারের দল টটেনহ্যাম হটস্পার আজ রাত ১টায় মেসির বার্সেলোনার মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপের এই ম্যাচে আজ ওয়েম্বলি স্টেডিয়ামে বার্সাকে আতিথ্য দেবে হটস্পার।
এই ম্যাচকে সামনে রেখে হ্যারি কেন বলেন, সত্যি তিনি আমাদের সকলের জন্য একটা মানদণ্ড। তার এই সাফল্য আমাদেরকে আরও ভালো খেলতে প্রেরণা যোগায়। আশা করি এর মাধ্যমে গোলের ক্ষুধাটা আমাদের আরও বাড়বে। কে জানে একদিন হয়তো তাকেও ছাড়িয়ে যেতে পারব।
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ তিন মৌসুমের দুটিতেই হ্যারি কেন ছিলেন সর্বোচ্চ গোলদাতা। রাশিয়া বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট পুরস্কারও। গত সপ্তাহে হ্যাডার্সফিল্ডের বিপক্ষে গোলের মাধ্যমে টটেনহ্যামের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪৫টি।
এরপরও মেসির সমান হতে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ আর্জেন্টাইন তারকা বার্সার হয়ে ৬৪৬ ম্যাচ খেলে করেছেন ৫৬০ গোল। ২০১২ সালে ক্লাব ও জাতীয় দল মিলে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৬৯ গোলের রেকর্ডও রয়েছে তার।
কেন বলেন, যখন এক মৌসুমেই ৫০ থেকে ৬০ গোল করেন তখন মেসি ও রোনালদোর মতো ফুটবলাররা স্বাভাবিক হিসেবের বাইরে চলে যান। তাই মেসির মতো ফুটবলারের বিপক্ষে যখন খেলা হবে তখন স্বাভাবিকভাবেই লক্ষ্য থাকবে তাকে থামিয়ে দেয়ার।
ইত্তেফাক/কেআই
