ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আজিমপুর আঞ্চলিক অফিসে অভিযান চালিয়ে দুর্নীতির ঘটনা হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) প্রকাশ্যে ঘুষ লেনদেনের ব্যাপারে আসা একটি অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
দুদকের সহকারী পরিচালক সেলিনা আখতার মনি, মোঃ জাকারিয়াসহ পুলিশের সমন্বিত সাত সদস্যের একটি দল আকস্মিকভাবে আজিমপুরে ডিএসসিসির কর অঞ্চল-৩ এ অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, দুদকের টিমটি আকস্মিক আজিমপুরস্থ কর অঞ্চল-৩’ এ ঝটিকা অভিযান চালিয়ে দেখতে পায়, অফিসটি দালাল নিয়ন্ত্রিত। দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়, কিন্তু এক দালালের রেখে যাওয়া একটি ব্যাগ দুদক টিম হাতেনাতে জব্দ করে। জব্দকৃত দালালের ব্যাগটি খুলে দেখা যায়, তাতে সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ নথিপত্র, ১৬টি ট্রেড লাইসেন্স বই ও ব্যাংক চালান ফর্ম রয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, রতন কুমার বাবু নামক একজন ব্যক্তির কাছ থেকে সুপারভাইজার (লাইসেন্স ও বিজ্ঞাপন) চন্দ্র শেখর রায় ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বেআইনিভাবে সাত হাজার টাকা নিয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে, সুপারভাইজার চন্দ্র শেখরকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আরকেজি
