রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার দিন ধার্য রয়েছে। এ মামলায় একমাত্র আসামি সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেগম পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ঈমাম মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ওই বছরের ১৫ এপ্রিল একটি মামলা করেন। ২০১৫ সালের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে রনিকে আটক করে ডিবি পুলিশ।
পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশ রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে রনির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত অভিযোগ গঠন করে।
ইত্তেফাক/ইউবি
