জার্মান কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে ৩০ বছর আগে ঢাকায় মঞ্চস্থ হয় ‘গ্যালিলিও’। ব্রেটল ব্রেশটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে ‘গ্যালিলিও’ নাটকটির অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম। শুরুতে এর নির্দেশক ছিলেন একজন বিদেশি। তিনি নিজ দেশে ফিরে যাওয়ার পর নাটকটির নির্দেশনা দেন নাগরিক নাট্য সম্প্রদায়ের আতাউর রহমান। তারপর বেশ কয়েকবার নাটকটি মঞ্চে প্রদর্শিত হলেও ১৯৯৮ সালে নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়।
২০ বছর পর নাটকটি আবারো মঞ্চে আসছে। এবার নবরূপে নাটকটির নির্দেশনা দিচ্ছেন পান্থ শাহরিয়ার। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডস্থ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নবরূপে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। বরাবরের মতো এবারো নাটকটির গ্যালিলিও চরিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনেতা আলী যাকের। এতে অভিনয় করবেন আসাদুজ্জামান নূরও। এছাড়া আরো অভিনয় করবেন কাওসার চৌধুরী, ফারুক আহমেদ। সেইসাথে বেশকিছু চরিত্রে দলের নতুন সদস্যরাও অভিনয় করবেন।
আলী যাকের বেশ কিছুদিন ধরে অসুস্থ। তিনি বলেন, ‘ডাক্তার ক্লিয়ারেন্স দিয়েছেন। ভালো হয়ে গেছি। তারা বলে দিয়েছেন, এখন কাজ করতে পারবো। কয়েকটি মহড়ায় অংশ নিয়েছি। এখন মঞ্চে ওঠার অপেক্ষায়।’
নাটকের নির্দেশক পান্থ শাহরিয়ার বলেন, ‘আড়াইঘন্টা ব্যাপ্তির নাটকটিকে দেড়ঘণ্টা ব্যাপ্তির করা হচ্ছে।’
ইত্তেফাক/মোস্তাফিজ
