কঠিন সময় পার করছে ইরান: খোমেনি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৮:৪২
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ এবং অর্থনৈতিক সমস্যার কারণে ইরানের জনগণ এখন দুঃসময় পার করছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করে জনগণকে ধৈর্য ধরার আহ্বানা জানান।
 
খোমেনির ভাষণ শুনতে তেহরানের স্টেডিয়ামে জড়ো হয় হাজার হাজার মিলিশিয়া ও রেভুলুশনারি গার্ডের সদস্য। খোমেনি বলেন, ‘ইরানের ওপর মার্কিন অবরোধ কার্যকর হবে না। অবরোধকে অকার্যকর প্রমাণ করে আরও একবার যুক্তরাষ্ট্রের গালে চড় বসিয়ে দেবে ইরানের জনগণ।’
 
ইরান ‘আল্লাহর রহমতে’ অবরোধ কাটিয়ে উঠবে বলেও আশা করেন তিনি।
 
খোমেনি বলেন, ‘একদিকে সাম্রাজ্যবাদী আমেরিকা আমাদের ওপর খবরদারি করছে অন্যদিকে আমরা অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করছি। হাজার হাজার ইরানি বর্তমানে দৈনন্দিন জীবনে কঠিন সমস্যা মোকাবেলা করছে।’
IMG0
২০১৫ সালে করা ইরানের সঙ্গে ৬ বিশ্ব শক্তির করা পরমাণু চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর চলতি বছরের ৬ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প প্রশাসন।
 
ট্রাম্প এ চুক্তিকে ‘একপাক্ষিক’ ও ‘বিপর্যয়কর’ বলেও আখ্যায়িত করেন।
 
তবে ইরান চুক্তি থেকে সরে আসেনি ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিরুদ্ধেও কথা বলছে ইউরোপীয় নেতারা। তারা বলছেন, ইরানের সঙ্গে বৈধ ব্যবসা চালিয়ে যাবেন।
 
কিন্তু চলতি বছরের ৪ নভেম্বর থেকে ইরানে তেল খাতকে টার্গেট করে আরও কঠোর অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, ‘ইরানের সঙ্গে যারা বাণিজ্যিক সম্পর্ক রাখবে তাদের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও নতুন করে পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র।’
 
ইত্তেফাক/টিএস