অবশেষে অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৮
দীর্ঘ ছয় মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। কিন্তু একবারও দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত ট্রফি। তাই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির কর্তারা ব্যাটসম্যান বিরাটের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ক্যাপ্টেন কোহলিতে খুশি নন। তাই আসন্ন আইপিএলে বেঙ্গালুরুর অধিনায়কত্ব হারাতে পারেন তিনি বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
 
কিছুদিন আগেও খবর রটেছিল, বিরাটকে নেতৃত্ব থেকে সরাচ্ছে বেঙ্গালুরু। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজির তরফে সেই খবরের সত্যতা অস্বীকার করা হয়।যদিও এখনও সরকারিভাবে বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর খবর প্রকাশ করেনি বেঙ্গালুরু। তবে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়ক হিসাবে বেঙ্গালুরুর তরফে ডি ভিলিয়ার্সের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।
 
চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স।আপাতত বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন তিনি। কয়েকদিন আগে এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, এবার পাকিস্তান সুপার লিগেও তাকে দেখা যাবে।
 

ইত্তেফাক/এসআর