উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে: ভূমিমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:৩১
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সরকার থাকলে দেশে উন্নয়ন হয়, বীর মুক্তিযোদ্ধারা ভাতা পায়, বিধবারা ভাতা পায়, প্রতিবন্ধীরা ভাতা পায়, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। অচিরেই মানুষের ৫টি মৌলিক অধিকার সম্পূর্ণ প্রতিষ্ঠা হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে।’
 
শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিশেষ গৃহীত উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।’
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভারপ্রাপ্ত ইউএনও যুবায়ের হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, সলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি প্রমুখ।
 
পরে মন্ত্রী আটঘরিয়া সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ১৭০ জন চার স্তরের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছয় মাসের এককালীন ৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অনুদান বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের পরিচয় পত্র বিতরণসহ দুঃস্থ ও দরিদ্র প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করেন। পরে ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে মন্ত্রী ৮০ সেট পোশাকসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন।
 
ইত্তেফাক/বিএএফ