‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে আস্থা রাখুন’

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২১:০৬
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে আস্থা রাখুন। নৌকায় ভোট দিন, আরো উন্নয়ন হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই দেশের উন্নয়ন হয়।
 
শুক্রবার বিকেলে চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভাগুলো সাঞ্চাডাঙ্গা কচুরবিল বাজার, সাঞ্চাডাঙ্গা ও কাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং হিজলী গ্রামে অনুষ্ঠিত হয়।
 
এ সময় মনির বলেন, শেখ হাসিনা ক্ষমতায় বলেই নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। শিক্ষার মান বাড়ছে, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি পাচ্ছে। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই শেখ হাসিনার সরকারের উন্নয়নের উপর আস্থা রাখতে হবে।
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার মানেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়। দেশের মানুষ কেউ আর না খেয়ে থাকে না। বিশ্ব দরবারে দেশ মাথা উঁচু করে দাঁড়ায়। আর বিএনপি-জামায়াত মানেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। দেশের মানুষকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য বোঝাতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে হবে।
 
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানুর রহমান চুন্নুর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার শাহিন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, স্বরুপদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু সুলতান প্রমুখ। 
 
ইত্তেফাক/জেডএইচ