দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি একটি ষড়যন্ত্রকারী দল। জ্বালাও পোড়াও আন্দোলন, ছাত্র আন্দোলন, বিদেশীদের কাছে নালিশসহ কোন ষড়যন্ত্রই তাদের কাজে আসেনি। জাতীয় নির্বাচন খুবই কাছাকাছি। জনগণের কাছে না গিয়ে তারা এখনো ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত আছে। উন্নয়নের জোয়ারের কারণে বাংলার জনগণ আমাদের সাথেই আছে। কাজেই বিএনপি’র কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।’
শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ ত্রাণমন্ত্রী নিজ বাস ভবনে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চাঁদপুর পবিস-২ মতলব উত্তরের ডিজিএম নূরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তরের ইউএনও শারমিন আক্তার, মতলব দক্ষিণের ইউএনও সাহেদুল ইসলাম, ছেঙগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুর পবিস-২ মতলব দক্ষিণের ডিজিএম দিলীপ চন্দ্র চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবীর আহমেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
