হুমকি-ধামকি না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: নাসিম

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৯:৩৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে হুমকি ধামকি বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
 
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হুমকি-ধামকি বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। আপনারা যে আন্দোলনের কথা বলছেন সেটা আর হবে না।আন্দোলনের হুমকি বাদ দিয়ে নির্বাচনে আসুন, নির্বাচন করে খালেদা জিয়াকে মুক্ত করুন।
 
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে ১৪ দলের সভা শেষে এ আহ্বান জানান নাসিম।
 
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নানা রকম ষড়যন্ত্র করছে, হুমকি-ধামকি দিচ্ছে। তারা আবার দেশে হাওয়া ভবন তৈরি করতে চায়, সন্ত্রাসী-বোমাবাজী ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করতে চায়। দেশকে তারা বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছিল, সেটা আবার করতে চায়।
 
এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াতে সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মোহাম্মদ নাসিম।
 
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ)’র সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টিও পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
 
সভায় ১৪ দলের নেতারা বিএনপি এবং সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দলের কার্যক্রম তৃলমূল পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন।
 
ইত্তেফাক/কেকে