বৃহত্তর ঐক্যের লিয়াজোঁ কমিটি এখনও হয়নি: ড. কামাল

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২০:৪৪
বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বয়হীনতা কাটানোর লক্ষ্যে যে লিয়াঁজো কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে তা এখনও হয়নি। লিয়াজোঁ কমিটি গঠন হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। 
 
বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা শরিক গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শনিবার ইত্তেফাককে জানান, বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার কোনো লিয়াজোঁ কমিটি এখনও ঘোষণা করা হয়নি। দু’একদিনের মধ্যে ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা বৈঠকে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
 
জানা গেছে, বৃহত্তর ঐক্য গঠনে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আলোচনার জন্য বিএনপি তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে। এই তিনজন লিয়াজোঁ কমিটিতেও থাকতে পারেন। আর যুক্তফ্রন্টের পক্ষে লিয়াজোঁ কমিটিতে থাকছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। তবে গণফোরাম ও জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে কারা লিয়াজোঁ কমিটিতে থাকবেন তা এখনও ঠিক হয়নি।
 
এদিকে, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শনিবার দুপুরে দেশে ফিরেছেন। গতকালই সন্ধ্যায় তিনি ঐক্য প্রক্রিয়া নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। ড. কামাল দেশে ফেরায় দু’একদিনের মধ্যে ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তারা বৈঠকে বসছেন বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/এমআই