সিংড়ায় অবৈধ সৌঁতিজাল ও বাঁধ দিয়ে মত্স্য নিধন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ০১:৪৮
সিংড়ায় চলন বিল ও আত্রাই নদী দখল করে অবৈধভাবে বানার বাঁধ এবং সৌঁতিজাল দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালীরা।
 
সরেজমিনে দেখা যায়, উপজেলার দমদমার জোলার বাতা, মহেশচন্দ্রপুর, রাখালগাছা, দমদমা, পাটকোল-কতুয়াবাড়ি, সারদানগর, শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম-সিধাখালী বিলে বানার বাঁধ এবং সৌঁতিজাল দিয়ে ছোট-বড় মাছ, কাঁকড়া ও শামুক নিধন করা হচ্ছে। বাধাগ্রস্ত করা হচ্ছে পানি প্রবাহ।
 
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, চলনবিলে বানার বাঁধ ও সৌঁতিজাল দেওয়ায় সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জীবনধারণের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে মাছসহ বিভিন্ন জলজ পোকামাকড় বিলুপ্তির পথে। এসব রোধে প্রশাসনের অভিযান ও এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন।
 
এ বিষয়ে সিংড়া উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা ইতিমধ্যে কয়েকটি বানা ও সৌঁতিজাল উচ্ছেদ করেছি এবং অভিযান অব্যাহত রয়েছে।
 
উপজেল নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, বানার বাঁধ ও সৌঁতিজাল দিয়ে মাছ শিকারকারীদের তালিকা করা হচ্ছে। প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/নূহু