গত কয়েক বছর ধরে চলা নিজেদের অন্তঃকোন্দল, লবিং-গ্রুপিং ভুলে অবশেষে এক হয়ে কাজ করার ঘোষণা দিলেন সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং মণ্ডল গ্রুপের এমডি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোমিন মণ্ডল।
তারা ঘোষণা দেন, নিজেদের মধ্যে আর কোন কোন্দল নয়। দেশে শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার জয়ে এক হয়ে কাজ করবেন।
রবিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র কমিটি গঠন নিয়ে কার্যকরী কমিটির সভায় এ কথা বলেন সিরাজগঞ্জ আওয়ামী লীগের এই দুই নেতা।
সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, দেশ বিরোধী বিএনপি-জামাত তাদের দোসরদের নিয়ে এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের শান্তি ও কল্যাণ চায় না। নৌকা বিজয়ে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। মনে রাখতে হবে কোনভাবে যদি ওই চক্র নৌকাকে পরাজিত করতে পারে তাহলে দেশব্যাপী অতীতের ন্যায় জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতির ঘাটি তৈরি করবে। আমরা তা হতে দিতে পারি না। দেশ ও মানুষের কল্যাণের কথা ভেবে সকল কোন্দল ভুলে নৌকার জয়ে আমাদের এক হতে হবে। এর কোন বিকল্প নাই। কেউ আর নিজেদের মধ্যে দলাদলি করবেন না। আমাদের কাজ হবে প্রতিটি মানুষের কাছে গিয়ে নৌকার জন্য ভোট চাওয়া।
এদিকে নৌকার আরেক মনোনয়ন প্রত্যাশী মণ্ডল গ্রুপের এমডি আব্দুল মোমিন মণ্ডল তার বক্তব্যে বলেন, দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশে সামগ্রিক উন্নয়ন সাধিত হচ্ছে। সবাই এক হয়ে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আলোর পথেই থাকতে চাই। তাই আর কোন কোন্দল নয় লতিফ বিশ্বাস চাচা এবং আমরা সকলে এক হয়ে কাজ করতে চাই।
এরপর লতিফ বিশ্বাস ও মোমিন মণ্ডল করমর্দন করেন। তখন উপস্থিত ২ শতাধিক নেতা-কর্মীদের জয় বাংলা ধ্বনি ও করতালীতে মুখরিত হয়ে ওঠে আওয়ামী লীগ কার্যালয়। বিষয়টি শুনে বাইরে থাকা হাজারো নেতা-কর্মীরাও আনন্দে ফেটে পড়েন।
ইত্তেফাক/জেডএইচ
