কৃষিবিদদের কল্যাণে দেশ আজ ক্ষুধা মুক্ত: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২১:০৬
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, কৃষিবিদদের কল্যাণেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত। 
 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। রবিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। এসময় নবনির্মিত ২য় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদ ভবন ও অতিথি ভবনের উদ্বোধন এবং অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী। দুপুর ৩টায় সিকৃবির শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন। 
 
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
 
আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। 
 
সভায় সিকৃবির বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জেডএইচ