পানি সংকট, টয়লেট সংস্কার, ওয়াইফাই সংযোগসহ ১২টি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের মূল গেট ও অফিস রুমে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন ওই হলের ছাত্ররা। আজ সোমবার বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। ঘণ্টাখানেক পর আবাসিক শিক্ষকরা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্ররা তালা খুলে দেন।
ছাত্ররা জানান, আলাওল হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিষ্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। হলের টিভি রুমে বসার জায়গা নেই। হলের পানির হাউস নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়া সাপের উপদ্রব বেড়ে এরকম ১২টি সমস্যা সমাধানের লক্ষে হলের প্রধান ফটক ও অফিসরুমে তালা লাগিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন তারা।
আলাওল হলের আবাসিক শিক্ষক মো. আসাদুল হক বলেন, ছাত্রদের ১২টি দাবি যৌক্তিক। এ দাবিগুলোর মধ্যে দুই-একটি দাবি ছাড়া বাকিগুলো আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
আর ওই দুই-একটি দাবি উপাচার্যের সঙ্গে কথা বলে একটু সময় নিয়ে বাজেটের ব্যবস্থা করে বাস্তবায়ন করতে হবে।
ইত্তেফাক/কেকে
