জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনসহ ৭ দফা দাবিতে ঢাকা বিভাগে ডাকা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ঘর্মঘট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে নেতৃবৃন্দের বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মুকবুল হোসেন।
তিনি বলেন, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগামী ৩১ অক্টোবরের মধ্যে দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি।
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির বলেন, মঙ্গলবার বিকাল থেকেই ট্রাক লরিসহ অন্যান্য পণ্যবাহী যান চলাচল শুরু করেছে।
গত রবিবার থেকে ৭ দফা দাবিতে ঢাকা বিভাগের ১৭ জেলায় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে মঙ্গলবার বিকালের দিকে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মুকবুল আহমদ, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, তালুকদার মোহাম্মদ মনির, আলহাজ্ব মোতালেক হোসেন, আলহাজ্ব মাসুম পাটোয়ারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
