আইনজীবীদের গরিব জনগণের পাশে দাঁড়াতে হবে: রাষ্ট্রপতি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:২৯
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আইন পেশা হলো জনগণের কল্যাণের জন্য এবং আইনজীবীদের গরিব জনগণের পাশে দাঁড়াতে হবে। 
 
তিনি বলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে, আমাদের দেশে যারা মামলা-মোকদ্দমা করতে আসে তারা খুব বড়লোক। গরিব লোক, সাধারণ মানুষজনই কিন্তু মামলা-মোকদ্দমা করতে কোর্ট-কাচারিতে আসে। 
 
স্থানীয় জেলা বারে ওকালতনামা বাবদ অতিরিক্ত অর্থ আদায় প্রসঙ্গে তিনি বলেন, আমি যেটা জানি কল্যাণ ফান্ডের নামে ওকালতনামা বাবদ প্রত্যেকের কাছ থেকে ৩৭০ টাকা করে আদায় করা হচ্ছে। সাত ধারায় মামলা দায়েরের ক্ষেত্রেও এই নিয়ম চালু রয়েছে। এটা অনেক বেশি। জনগণের ওপর বাড়িতে বোঝা চাপিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না।
 
রাষ্ট্রপতি আজ মঙ্গলবার দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা বারের পক্ষ থেকে দ্বিতীয় বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। 
 
বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান এবং জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল ইসলাম।
 
রাষ্ট্রপতি আরো বলেন, জেলা বারের কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি কেউ মামলা করে তাহলে কোনো আইনজীবী তার বিরুদ্ধে দাঁড়াবে না। বাদীপক্ষ কোনো উকিল পাবে না, এটাও ঠিক না। কারণ প্রত্যেক মানুষের তার ন্যায্য অধিকার বিচার পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবীরা একটা শক্তি। এই শক্তির অপপ্রয়োগ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কিন্তু জনগণ আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আইনজীবীদের কাছ থেকে সাধারণ মানুষ যাতে বিচার কাজে সহযোগিতা পায়- এইজন্যই তো আমরা। আমি আইনজীবী হয়েও তো অন্যায় করতে পারি, আইনজীবীদের বিরুদ্ধেও তো অভিযোগ থাকতে পারে। আমি আইন মানবো না, অন্য সবাইকে মানতে হবে- এটা তো আইনের শাসন হতে পারে না।
 
ইত্তেফাক/কেকে