এই বছর অক্টোবরে হওয়ার কথা ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। কিন্তু সেই তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয় ২০১৯ সালের ৫-৬ জানুয়ারি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রগুলোই জানিয়েছিলো, জাতীয় নির্বাচনের আগে না করে পরে আয়োজন করার জন্যই বিপিএল পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সমস্যা হলো জাতীয় নির্বাচন জানুয়ারিতে হলে বিপিএলের ভাগ্যে কী হবে?
মঙ্গলবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, তারা নির্বাচনের জন্য বিপিএল পেছাননি। পিছিয়েছিলেন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য। এখন যদি জানুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, তাহলেও আর পেছাবেন না তারা বিপিএলের তারিখ।
বিপিএল প্রসঙ্গে পাপন বলছিলেন, ‘নির্বাচনের জন্য আমরা ওয়েট করব না। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের জন্য আগেই কমিটেড ছিলাম, আসলে নির্বাচনের জন্য না। আসলে বিপিএলপ্টা পেছানোর কারণ এই দুইটা সিরিজ। ডিসেম্বরে হতে পার, কিন্তু তখন প্লেয়ার পেতাম না। কিছু ইস্যু আছে। আমার মনে হয় না, নির্বাচনের জন্য চেঞ্জ করব। নির্বাচনের দিক এখন পিছালে ডিসেম্বরের শেষে। আমার মনে হয়, এক দুই দিনের জন্য ডেট চেঞ্জ হতে পারে। নির্বাচনের জন্য আটকাবে না। এ ছাড়া বাকি সব ঠিক আছে।’
ইত্তেফাক/জেডএইচ
