সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনায় অংশ নিলেন দুই সহোদর বিচারপতি। আপিল বিভাগের বিচারক হিসাবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নিয়োগ পাওয়ার পাঁচ বছর পর একই আদালতে নিয়োগ পেলেন বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী। এই দুই সহোদর বিচারপতির বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে। এমন অবস্থাকে বিচার বিভাগের জন্য স্মরণীয় দিন হিসাবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
শপথের পর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে লালিত পরিবার থেকে সহোদর দুই ভাই আপিল বিভাগের বিচারপতির আসনে আসীন হয়েছেন। এটা গৌরবের। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এটা অবশ্যই গৌরবের। এই প্রথম দুই ভাই একসঙ্গে আপিল বিভাগের বিচরপতি হয়েছেন। আমাদের বিচার বিভাগের ইতিহাসে এটাই প্রথম।
প্রসঙ্গত, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান। কিন্তু দুই বছর পর বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার তাকেসহ দশজন বিচারককে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেননি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী ২০০৯ সালের ২৫ মার্চ তাকে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। অপরদিকে বিচারপতি আবু বকর সিদ্দিকী ১৯৮০ সালের ২৩ এপ্রিল জুডিশিয়াল সার্ভিসে মুন্সেফ হিসাবে যোগ দেন। ১৯৯৭ সালের ৭ মে জেলা ও দায়রা জজ হিসাবে পান পদোন্নতি। ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। ২০১১ সালের ৬ জুন তাকে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেয়া হয়। সাড়ে নয় বছর হাইকোর্টে বিচারপতি হিসাবে দায়িত্ব পালনের পর সোমবার তিনি আপিল বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পান। নিয়োগের পরদিন মঙ্গলবার বিচারপতি আবু বকর সিদ্দিকীকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বসে বিচার কাজ পরিচালনায় অংশ নেন দুই সহোদর।
ইত্তেফাক/এমআই
