সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করলো দি বাংলাদেশ টুডে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২২:৩৭
রাজধানীর চারটি স্থানে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করলো ইংরেজি দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’। ৮ অক্টোবর রবিবার রাতে দি বাংলাদেশ টুডের অফিস প্রাঙ্গনে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। পরে হাতিরঝিল, কমলাপুর ও হাইকোর্ট মাজার প্রাঙ্গনে খাবার বিতরণ করা হয়। 
 
কার্যক্রমের শুরুতে পত্রিকাটির প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক জোবায়ের আলম বলেন, দি বাংলাদেশ টুডের 'সুবিধাবঞ্চিত সহায়তা তহবিল' থেকে আমরা নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে রোহিঙ্গা ও বন্যার্তদের মাঝে সহায়তা প্রদানসহ বেশ কিছু কার্যক্রম এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয়েছে।
 
তিনি আরো বলেন, এক রাতের এক বেলা খাবার দিয়ে এ সকল অভুক্ত মানুষের কিছুই হবে না। কিন্তু সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষসহ সবাই মিলে যদি এই কার্যক্রম চালিয়ে যায় তাহলে এই সুবিধাবঞ্চিত মানুষেরা অভুক্ত থাকবে না। আমরা পরবর্তীতে পথশিশুদের মূলধারায় নিয়ে আসার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে চাই। 
 
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোবায়ের আলমের সহধর্মীনি মারজান জেনিফা, পত্রিকাটির বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, প্রধান প্রতিবেদক শাহজাহান কবীর ও মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার খাকী কামাল হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে এই কার্যক্রমে দায়িত্ব পালন করেন ঢাকা সমুদ্রবিজ্ঞান বিভাগের ছাত্র ইফতেখার মাহীসহ অনেকে।
 
ইত্তেফাক/নূহু