তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীর কাঠের পিড়ির আঘাতে অপর এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল তিনটার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সরকার হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম আবলছের নেছা (৬০)। তিনি সরকার হাটি গ্রামের মরহুম গেদু মিয়ার স্ত্রী।
জানা গেছে, বুধবার বিকেলে আবলছের নেছার মেয়ে আলপিনার একটি গরু একই গ্রামের আজিজুলের বাড়ির কলমী গাছ খেয়ে ফেলে। এ নিয়ে আলপিনা এবং আবলছের নেছার সঙ্গে আজিজুলের স্ত্রী ইতি আক্তারের ঝগড়া হয়।
আবলছের নেছার ছেলে সাইদুল ইসলাম জানান, ঝগড়ার একপর্যায়ে ইতি আক্তার কাঠের পিড়ি দিয়ে তার মায়ের (আবলছের নেছার) মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ইতি আক্তার ও তার স্বামী আজিজুল পালিয়ে গেছেন।
খালিয়াজুরী থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত বৃদ্ধার লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আজিজুলের ভাই আল আমিনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
