বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলের মূল নেতৃত্বকে নিশ্চিহ্ন করার বর্বর হত্যাকাণ্ডের মামলার রায় আদালতে ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, এ রায়ের মধ্য দিয়ে যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো, কোনো ক্ষমতাধররাই আইনের ঊর্ধ্বে নয়।
বুধবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে আরও বলা হয়, এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো ২১ আগস্ট গ্রেনেড হামলার পৃষ্ঠপোষক ছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নেতৃত্ব ও হাওয়া ভবনের দণ্ডমুণ্ডের কর্তা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া। বিএনপি নেতা তারেক জিয়া বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনকে নিয়ে এ দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল তা এখন দিবালোকের মত সত্য। বিএনপি কোনক্রমেই এই রাজনৈতিক হত্যাকাণ্ড ও তার জঙ্গি সংশ্লিষ্টতার দায় এড়িয়ে যেতে পারে না।
ইত্তেফাক/এমআই
