এবার প্রথম একাদশ পাচ্ছেন বোল্ট

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৪:৩৩
পেশাদার ফুটবলার হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি উসাইন বোল্ট নিজের ক্যারিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আগামীকাল শুক্রবার তার দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স সিডনিতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ম্যাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে কোচ মাই মালভি জানিয়েছেন, বোল্টকে এবার প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে।
 
কোচ বলেন, ‘ফিটনেসের দিকটা বিবেচনা করলে এখন ওকে প্রথম একাদশে খেলানো যায়। সেটা হোক আর নাই হোক, এখনকার জন্য শুধু এটুকুই বলবো যে, ওর প্রথম একাদশে খেলার ভাল সম্ভাবনা আছে।’ ফুটবল বিশ্বের নজর এখন তাই সিডনির ক্যাম্পবেলটাউনে। এখানেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।
 
এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বোল্ট বলেন, ‘এটা আমার জন্য ভাল একটা সুযোগ হতে যাচ্ছে। কোচ আমার ফিটনেসে সন্তুষ্ট হয়ে আমাকে প্রথম একাদশে সুযোগ দিতে যাচ্ছে। এটা আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সুযোগটা পেয়ে আমি খুবই আনন্দিত।’
 
সুযোগের জন্য মুখিয়ে থাকা বোল্ট ফুটবলে তার ছোট্ট ক্যারিয়ারে এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটা আমার জন্য বড় একটা ম্যাচ। আমি মনে করি এটাই ঠিক করে দিবে যে আমার ক্যারিয়ার কোথায় যাবে। আমার জন্য তাই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছি।’ আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে এ লিগের নতুন মৌসুম।
 
অলিম্পিকে আটটি সোনাজয়ী বোল্ট গেল আগস্টে প্রথমবারের মত মেরিনার্সের হয়ে মাঠে নেমেছিলেন। বদলি হয়ে মাঠে নেমে অবশ্য এই লেফট উইংয়ের ২০ মিনিটের বেশি খেলার সুযোগ হয়নি। তবে, এরপর এ লিগে ম্যাচ পাওয়ার জন্য নিজের ফিটনেস নিয়ে অনেক ঘাম ঝরিয়েছেন বোল্ট।
 
তিনি বলেন, ‘মাঠে আমার গতি এখন অনেকটাই পাল্টে গেছে। বল কিভাবে আয়ত্বে নিতে হয়, কোথায় বল ছাড়তে হবে - সব কিছুর সাথে আমি নিজের শরীরকে মানিয়ে নিয়েছি। মাঠে কখন কি করতে হবে - এমন অনেক কিছু আমি শিখেছি। আসা করি সুযোগ পেলে সেসব ম্যাচে কাজে আসবে। এখন নিজেকে আগের থেকে অনেক ফিট মনে হচ্ছে। মাঠে যত বেশি সময় কাটাতে পারি ততই ভাল লাগে।’
 
ইত্তেফাক/আরকেজি