পরিচ্ছন্নতা কর্মী নাদাল!

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১২:৩৩
রাফায়েল নাদাল সময়ের সেরা টেনিস তারকা। রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু এবার তাকে দেখা গেল ভিন্ন রূপে। পরিচ্ছন্নতার জন্য নেমে গেলেন মব হাতে নিয়ে।
 
একদিন আগেই স্পেনের দ্বীপ মায়োর্কাতে হয়ে গেলো ভয়াল বন্যা। যেই বন্যায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বন্যার একটি আশ্রয় কেন্দ্র ছিল তার টেনিস একাডেমি। বন্যার পানি নেমে যাওয়ার পর একাডেমিতে কাদাপানি জমে যায়। সেই কাদাপানি পরিস্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নাদাল নিজেই নেমে যান।  
 
তার টেনিস একাডেমিকে আশ্রয় সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছিলেন নাদাল নিজেই। সেই আশ্রয় সেন্টারটি পরিচ্ছন্ন করতে পরে নিজেই নেমে যান নাদাল। স্পেনের একটি ওয়েব সংবাদ মাধ্যম এএস নাদালের পরিচ্ছন্নতা অভিযানের ছবি ও ভিডিও পোস্ট করে।      
 
এদিকে স্প্যানিশ এই তারকা টুইটারে লিখেছেন, মায়োর্কার জন্য এটি দুঃখের দিন।
 
ইত্তেফাক/কেআই