মামা আমিরের হাত ধরে বলিউডে ডেব্যু করেন ইমরান খান। বেশকিছু সিনেমা করলেও সফল হয়েছে মাত্র কয়েকটি। ক্যারিয়ারে খুব বেশী ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি এই অভিনেতা। একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় মুখ থুবড়ে পড়ে ইমরান খানের ক্যারিয়ার। বর্তমানে সিনেমা প্রাঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি। স্ত্রী ও সন্তান নিয়ে নিজের মতো করে রয়েছেন তিনি। সম্প্রতি বলিউডের হ্যাশট্যাগ 'মি টু' নিয়ে মন্তব্য করেন ইমরান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, 'আমি তখন ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন৷ একজন পরিচালক একটি ফিল্মের জন্য মুখ্য অভিনেত্রীদের অডিশন নিচ্ছিলেন৷ প্রতিটি মেয়েকে বিকিনি পরিয়ে সেক্সি পোজ দিতে বলছিলেন৷ ফটোশ্যুটগুলো কোনও কস্টিউম টেস্ট বা এবং মার্কেটিংয়ের জন্যও ছিল না৷ সেই ছবিগুলো থাকতো পরিচালকের ল্যাপটপে৷ কোনও দরকারই ছিল না বিকিনি পরিয়ে শ্যুট করার তাও নিজের নোংরা মনোভাবের জন্য এমনটা করেছিলেন উনি৷ ক্ষমাতশালী ব্যক্তি হয়ে নিজের ক্ষমতার দুর্ব্যবহার করেন৷'
তার সামনে ঘটা কিছু ঘটনা ছাডা়ও তিনি বিকাশ বেহেলের বিরুদ্ধেও কথা বলেছেন৷ পরিচালক বিকাশের বিরুদ্ধে এর আগে কঙ্গনা রানাওয়াত এবং বেশ কয়েকজন অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছেন৷ অভিনেতা ইমরানও সে অভিযোগগুলো সত্যি বলে অনুমান করছেন৷
তিনি জানিয়েছেন, 'সবাই বিকাশ বেহেলের সম্বন্ধে কথা বলছে৷ আমিও অনেক কিছু শুনেছি ওনার ব্যাপারে৷ এক বছর আগেও একটি মেয়ে বিকাশের বিরুদ্ধে অভিযোগ এনেছিল৷ ইন্ডাস্ট্রির সকলে জানত৷ কিন্তু তাতে বিকাশের কিছু যায় আসে না৷ পাঁচ-ছয় মাস আগে আমি ওনাকে একটা পার্টিতে দেখেছিলাম৷ সেখানে উনি হেসে সবার সঙ্গে কথা বলছিলেন৷'
ইত্তেফাক/এসজেএ/নূহু
