গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত ৪২ ইন্টার্ন চিকিৎসক ৩ মাসের ভাতার দাবিতে কর্মবিরতি রেখে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত তারা হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করেন।
ইন্টার্ন চিকিৎসক আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ থেকে তারা ৪২ জন এমবিবিএস শেষ করেছেন। গত ১ জুলাই থেকে তারা গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কাজ করছেন। ১ বছর তারা এখানে এ কাজ করবেন। এ কাজের জন্য সরকার তাদের ভাতা বরাদ্দ দেয়। সকালে সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে রাউন্ড দিয়ে রোগী দেখেন। ইন্টার্ন চিকিৎসকরা সকাল, বিকাল ও রাতে রোগীদের ২৪ ঘণ্টা সেবা দিয়ে আসছেন। ভাতার ব্যাপারে তারা যোগাযোগ করলে হাসপাতালের হিসাবরক্ষক ও উপ-পরিচালক আজ দেই, কাল দেই বলে কালক্ষেপণ করছেন।
এছাড়া হাসপাতালে উপ-পরিচালক ডা. চৌধুরী ফরিদুল ইসলাম ১ অক্টোবর ৩ মাসের ভাতা দেওয়ার আশ্বাস দেন। ১০ অক্টোবরও ভাতা দিতে ব্যর্থ হওয়ায় তারা এ দিন দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন। ভাতা পাওয়ার পরই তারা কাজে যোগ দেব বলে জানিয়েছেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. চৌধুরী ফরিদুল ইসলাম বলেন, ভাতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর টাকা বরাদ্দ দেয়। এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের ভাতার টাকা তারা ছাড় করেনি। এ ব্যাপারে আমি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুতই তাদের ভাতার টাকা ছাড় করবেন বলে আশ্বাস দিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ
