গত বছর থেকে শুরু হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ইভেন্টের প্রতিযোগীদের গোপন বিয়ে কেলেংকারি যেন থামছেই না। কারণ সেই বছর সবচেয়ে বেশি আলোচিত ছিল প্রথম বিজয়ী মুকুট পাওয়া জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ে গোপন করার বিষয়টি। তাই এবার আয়োজকরা বিষয়টি নিয়ে সাবধান থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাতে শেষ রক্ষা হলো না।
থলের বিড়াল বের হয়ে এলো! এবারের সেরা ১০ এ স্থান পাওয়া আফরিন লাবনী নিজের বিয়ের কথা গোপন করেছেন। তার স্বামীর নাম আতাউর রহমান আতিক। তিনি জামালপুর সদর বাগেরহাটা কলেজ রোডের বাসিন্দা। ব্যবসার পাশাপাশি কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। জামালপুর কোর্টে গিয়ে ২০১৪ সালের ১৮ আগস্ট বিয়ে করেছিলেন তারা। দুই বছর সংসার করার পর ২০১৬ সালের ১৭ মে ডিভোর্স হয় তাদের। ডিভোর্সের পর লাবণীর নামে দুটি চুরির মামলাও হয়। মামলাগুলো এখনও নিষ্পত্তি হয়নি।
আতিক জানান, লাবনীর সাথে আমার বিয়ে ও তার প্রতারণার বিষয়টি অনুষ্ঠানের আয়োজক অন্তর শোবিজের স্বপন চৌধুরীকে জানিয়েছি। তিনি বলেছেন,‘যেহেতু লাবনী এমনিতেই বিতর্কিত আর সে শীর্ষস্থান পায়নি, তাই আপাতত তাকে নিয়ে ভাবছি না।’ এদিকে স্বপন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান,‘ আমরা বিষয়টি অবগত হয়েছি। আমাদের সামনে যেহেতু চীন সফর ও মূল ইভেন্টের একটি কাজ। তাই এসব বিষয়ে আপাতত আমরা মাথা ঘামাতে চাইছি না।’
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ী হন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশি। তবে বিচারকদের প্রশ্নের হাস্যকর জবাব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হন দুজন লাবনী ও অনন্যা। এর ভেতরে লাবনী বিচারকের একটি প্রশ্নের জবাবে অর্থহীন কথা বলে ফাইনাল রাউন্ডটিকে বিব্রত করে তোলেন। এরপর এখন তার বিয়ের খবরটিও প্রকাশ পেলো।
এদিকে লাবনীর ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা না গেলেও ফাইনালের আগে এক সাক্ষাত্কারে কসম কেটে লাবনী বলেছিলেন, আমার বিবাহের প্রশ্নই আসে না।’ এছাড়া এবার প্রতিযোগিদের এই বিয়ে গোপন কালচারকে প্রতিহত করতে আয়োজকরা ঘোষণা দেন, যে প্রতিযোগী এবছর নিজের বিয়ের কথা গোপন করে অংশ নেবে তাকে ১০ লাখ টাকা জরিমানা ও জেল খাটতে হবে।
এখন লাবনীর বিরুদ্ধে সে ধরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে আয়োজক কর্তৃপক্ষ জানান,‘এখন আমরা এ নিয়ে ভাবছি না। চীন থেকে ফেরার পরই সব ব্যবস্থা নেবো।’
ইত্তেফাক/অারকেজি
