মাত্র ১০০ টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে কলহের জের ধরে সাজ্জাদ ইসলাম সজীব নামে দুই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লক্ষনপুর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে থানা পুলিশ আনোয়ার বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষনপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৫) তার চাচীর কাছ থেকে বেশ কয়েকদিন আগে ১০০ টাকা ধার নেয়। সময়মতো ধার পরিশোধ না করায় শুক্রবার সকালে আনোয়ারা বেগম হৃদয় মিয়ার কাছে টাকা ফেরত চায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে আনোয়ারা বেগমের পক্ষের লোকজন হৃদয় মিয়াকে বেদম প্রহার করে। এ সময় হৃদয় মিয়ার বোন কবিতা বেগম (২২) আনোয়ারা বেগমের লোকজনের হামলার শিকার। এ সময় আনোয়ারা বেগম চিৎকার করে কবিতাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।
কবিতার পরিবারের লোকজন কবিতা ও হৃদয়কে প্রায় বেহুশ অবস্থায় উদ্ধার করে ছিদ্দিক মিয়ার ঘরে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে কবিতার শিশুপুত্র সাজ্জাদ ইসলাম সজীবকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর আনায়ারা বেগমের ঘরের পাশে পুকুরে সাজ্জাদের লাশ ভাসতে দেখে। এলাকাবাসী ও কবিতার পরিবারের লোকজন সাজ্জাদের লাশ উদ্ধার করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী আনোয়ারা বেগমকে মারধর করে এবং আনোয়ারা বেগমের বাড়ি-ঘর ভেঙে ফেলে। পরে এলাকাবাসী আটক করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে।
কবিতা বেগমের স্বামীর বাড়ি শ্রীপুর উপজেলার ভয়েরচর গ্রামে। তার স্বামীর নাম নাজমুল হাসান। নাজমুল-কবিতা দম্পতির দুই সন্তানের মধ্যে নিহত সাজ্জাদ ছোট। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কবিতা স্বামী-সন্তানসহ পিতার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহত সাজ্জাদের পিতা নাজমুল অভিযোগ করে বলে, আমার শিশু সন্তানকে ওরা খুন করে পুকুরের পানিতে ফেলে দেয়।
কবিতা বেগম বিলাপ করতে করতে বলে, ঝগড়ার সময় আনোয়ারা চাচী বারবার আমাকে হুমকি দিচ্ছিল তুই তোর ছেলে নিয়ে বাড়িতে ফিরতে পারবি না।
পুলিশের হাতে আটক আনোয়ার বেগম বলে, ওদের সঙ্গে আগে থেকেই আমাদের মামলা মোকদ্দমা ছিল। কিন্ত এই শিশু বাচ্চা কিভাবে মারা গেল, তা আমরা কিছুই বলতে পারবো না। তারাই এটা ভালো বলতে পারবে।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
